ন-সভ্যতা
Poem
প্রিয় সভ্যতা, সভ্যতার ভুল সংজ্ঞা নিয়ে আর কতকাল? উন্নত অবকাঠামো, উন্নত বস্ত্র দিয়ে কি আর হবে — যদি উন্নত অস্ত্রের আঘাতে নিত্য অবনত হয় মানবতা।
স্বপ্নিল জীবনের নামে মিথ্যে সুখের রঙিন দেয়ালে আবদ্ধ হচ্ছে যাবতীয় চিন্তাধারা। ‘সহানুভূতি’ নামক বোধের অকাল মৃত্যু তো সে কবেই হয়েছে। প্রযুক্তি আমাদের যুক্ত করেছে ঠিকই, কিন্তু দূরত্ব বেড়েছে যোজন যোজন।
এই শহরের নোংরা রাজপথে পরিষ্কার হৃদয় নিয়ে হাঁটা যায় না। শহুরে চলাচল এর উদ্দাম বেগে ধূলির মত উড়ে যায় আবেগ। নিম্ন গলনাংকের হৃদয় নিয়ে বেঁচে থাকা দায়। মানুষ গুলোর নিখাদ কষ্টের প্রখর তাপে হৃদয় গলে বাষ্প হয়ে যায়। নীল আকাশ ছেয়ে যায় অপারগতা আর আফসোস এর কালো মেঘে।
বোধহয় মরুভূমি হয়ে জন্মালে ভালো হতো! তাহলে আর বিশাল জলাধার শুকিয়ে, মাটি ফেঁটে চৌচির হবার কষ্ট পেতে হতো না। অথবা, অসভ্য হতাম যদি! এই নষ্ট সভ্যতার যুগে খাঁটি অসভ্য হবার মত সহজ আর কিছু নেই।
হে প্রিয় সভ্যতা! আজ থেকে তোমায় ন-সভ্যতা বলে ডাকবো।