প্রিয় সমুদ্র
Poem
প্রিয় সমুদ্র, স্বীয় বিশালতায় গর্বিত হতে হতে তোমার ক্লান্তি আসেনা? সীমাহীন সীমানার অহংকারেই কি প্রায়শ ফুলে ফেঁপে উঠো? সৌন্দর্য ও প্রাচুর্যের দম্ভই কি তোমাকে বিধ্বংসী করে দেয়?
মায়াবিনী কোনো সত্ত্বার মতো সবাইকে দারুণ আকর্ষণে কাছে টানো। পরম যতনে নরম তুলতুলে বুকে ঢেউয়ের দোলনায় দুলাও। মাথার এলোমেলো চুলে বাতাসের কোমল হাত বুলাও। চাঁদের রূপালী আলো, সূর্যের সোনালী আভা, সৈকতের চিকচিক করা বালি, স্বচ্ছ সলিল বা নীল আসমান, মোহাবিষ্ট করে রাখো, জুড়াও সবার মন-প্রাণ।
সেই তুমিই নিদারুণ নিষ্ঠুরতায় ধারণ করো এক ধ্বংসাত্মক সত্ত্বা, কেঁপে উঠে সৌন্দর্য পিপাসু সব দর্শনার্থীর আত্মা। মায়াবতী সমুদ্রকোল নিমিষেই হয়ে যায় দয়ামায়াহীন, নির্মম আর নির্দয় সমুদ্র সব করে দেয় বিলীন। এ যেন রূপকথার কোনো জাদুকরী রানী, অপরূপ রূপের আড়ালে সর্বগ্রাসী পানি। হাঙরের মত গিলে খাও নৌকা, ঘরবাড়ী, শতশত প্রাণ, হন্তারক সমুদ্রের সৌন্দর্য হয়ে যায় ম্লান।
অদ্ভুত এই ভালোবাসা! কেউ কাউকে যায়না ছেড়ে। সুদিনে আবার কাছাকাছি আসে সবকিছু ভুলে, আবারো প্রাণ ফিরে আসে প্রিয় সমুদ্রকূলে। সবকিছু স্বাভাবিক — প্রকৃতির এই তো আজব খেলা, সমুদ্র দর্শনে তবুও সবাই নিত্য ভাসায় সুখের ভেলা।