সাধ বনাম সাধ্য

Poem

বাবার জন্য পাঞ্জাবী, বোনের জন্য থ্রিপিস; টাকার অভাবে হচ্ছে বুঝি এবারো সব মিস? ইচ্ছে তোমার আকাশচুমী, আন্তরিকতা শীর্ষে; টাকা নাই? বিঁধবে বুকে অক্ষমতার তীর সে।

মেয়ের জন্য ফ্রক, বউয়ের জন্য শাড়ী; দামী দেখে না দিলে করবে সবাই আড়ী। মা যদিও মুখ ফুটে চাইবে না কোনোকিছু, দিতে না পারার কষ্ট কি ছাড়বে তোমার পিছু?

দাদা-দাদীর বয়স হইছে, বাঁচবে আর অল্প; তারাও তো করতে চায় বড় নাতির গল্প। প্রিয়জন দের চাওয়ার ভীড়ে তোমার চাওয়া নাই? নাকি শুধু ভাবছো — “এত টাকা কোথায় পাই!”

বাস্তবতা তোমায় দিচ্ছে কঠিন কঠিন শিক্ষা; গরীবের তাও উপায় আছে, করতে পারে ভিক্ষা। সবার সব কিনে দেওয়ার ইচ্ছা খুব জাগে? কিন্তু ভায়া ইচ্ছে পূরণে টাকাও যে লাগে!