গল্পঃ স্বপ্নের অপমৃত্যু

Short story

বাবার সাথে তুমুল ঝগড়া শেষ হবার পর মিতু চুপচাপ বসে আছে। তার মা পাশে এসে বসলো।

মা: তুই বেয়াদবি করলি কেন মিতু? জানোস না তোর বাবা এমনি? আগে তো তুই এমন ছিলি না।

মিতু: মা তোমরা কেউ আমার পয়েন্ট অফ ভিউ বুঝতে চাও না কেন? আমার জীবনের একটাই লক্ষ্য, আমি ডাক্তার হবো, ব্যস।

মা: এই ডাক্তারি করে করে তো একবছর গ্যাপ দিলি। এবার যে হবে গেরান্টি আছে? তোর আব্বার কথা শোন। এবার ভার্সিটি কোচিং কর।

মিতু: তাহলে একবছর গ্যাপ দিয়ে লাভ কি হলো মা? আমিতো পড়ায় ফাঁকি দিচ্ছি না। ইন শা আল্লাহ্‌ হবে এবার।

মা: আর না হলে? ধাক্কা সামলাতে পারবি?

মিতু: ধুরো মা তোমরা খালি নেগেটিভ ভাবো।

মেডিক্যাল ভর্তি কোচিং শুরু হয়ে গেছে। মিতু আর তার বেস্ট ফ্রেন্ড সোহা একই কোচিং এ। ওদের দুইজন এর বন্ধুত্ব দেখে যে কারো হিংসা হবে।

সোহা: তুই এত গোঁয়ার কেন মিতু? আমারে ফ্যামিলি জোর করে মেডিক্যালে পড়াইতে চায়, আর তুই উল্টা জোর করে পড়তে চাস।

মিতু: তুই যদি এমন বলোস তখন কেমন লাগা উচিৎ? তুই তো আমাকে চিনোস, আমার ধ্যানজ্ঞান সব ডাক্তারিকে ঘিরে। আর মেডিক্যালে চান্স পাইলে সাক্বিরের যোগ্য হয়ে উঠতে পারবো। দেখতে তো আমি তোর মত সুন্দর না, তাই এক্সট্রা কিছু তো লাগবেই। হা হা হা।

সোহা: কি এক সাক্বির সাক্বির করোস। যারে জীবনে দেখোস নাই, ফেসবুকে পরিচয়, তারে নিয়া স্বপ্ন দেখোস? ও কি আসলেই ইঞ্জিনিয়ারিং পড়ে বা আদৌ তোকে ভালোবাসে?

মিতু: ওর পার্সোনালিটি আমাকে টানে। কি সুন্দর কবিতা লিখে, আর আমার কত কেয়ার করে, আমার জায়গায় তুই হলে তুইও প্রেমে পড়তি।

সোহা: ওরে নিয়ে না ভেবে ভালো করে পড়।

মিতু: সারাদিন ই তো পড়ি, শুধু রাতে একটু করে কথা বলি আর ঘুমানোর আগে আধাঘণ্টা-একঘণ্টা ওর সাথে চ্যাট করি।

কোচিং চলতে থাকে। মিতু এখন পরিবারে আগের মত সমাদৃত হয় না। ওর থেকে এমন ব্যবহার কেউ আশা করেনি। শুধুমাত্র সাক্বির মিতুকে ইন্সপায়ার করে মেডিক্যালে ভর্তি হবার ব্যাপারে। সবাই যখন অবহেলা করে কথা বলে সাক্বির তখন অনুপ্রেরণা যোগায়। মিতু ধরেই নেয় সাক্বির ওকে ভালোবাসে কিন্তু সাক্বির এর চিন্তা হচ্ছে অন্যরকম। যদি দেখতে সুন্দর হয় এবং মেডিক্যালে চান্স পায় তাহলে মিতু কে নিয়ে ভাবা যায়। ফেসবুকে পিক দেখে তো মোটামুটি সুন্দরই মনে হয়, তাও বাস্তবে একবার দেখতে হবে। তাদের সম্পর্কের এমন সময়ে চলে আসে ভর্তি পরীক্ষার ডেট।

পরীক্ষা শেষ। রেজাল্ট এর জন্য অপেক্ষা। এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত মানুষটার নাম হচ্ছে মিতু। ডু অর ডাই সিচুয়েশনে বসে ওয়েট করছে মিতু, অন্যদিকে খোশমেজাজে আছে সোহা। চান্স না পেলেই ও খুশি, ওর ইচ্ছা জার্নালিজম পড়ার। কোনো প্রাইভেট ইউনিভার্সিটি হলেও প্রবলেম নাই।

আজ বিকাল ৪ টায় রেজাল্ট দিবে। মিতু কিচ্ছু খাচ্ছে না সকাল থেকে। বাসার কেউই রেজাল্ট নিয়ে চিন্তিত নয়, সবার চিন্তা ওকে নিয়ে। চান্স না পেলে মেয়েটা যে কষ্ট পাবে তা বয়ে বেড়াবার সাধ্য কারো নাই। সময় হয়ে গেছে রেজাল্ট ও দিয়ে দিলো। ৫০.১৩ পেয়ে চান্স পেয়েছে সোহা, আর মিতু পেয়েছে ৬৪.৪২। কিন্তু কোথাও জায়গা হয়নি হতভাগীর। সোহার নানা নাকি মুক্তিযোদ্ধা ছিলো, আর মুক্তিযোদ্ধা কোটায় ও চট্টগ্রাম মেডিক্যালে চান্স পায়।

মিতু ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে। চোখেরজলে বালিশ ভিজে গেছে। সবাই ক্রমাগত দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে, সাড়া দিচ্ছে না মিতু। মিতুর মাথায় শুধু একটা স্মৃতি ঘুরতেছে— ওর বাবার সাথে করা খারাপ ব্যবহার। এই মুখ আর কাউকে দেখানো যাবে না, আত্মহত্যা করা ছাড়া আর উপায় নেই। এদিকে সবাই চিন্তায় অস্থির, মিতুর ও কোনো সাড়াশব্দ নেই। মিতু ওড়না দিয়ে দড়ি বানাচ্ছে। ওর ওয়ার্ড্রব থেকে বেছে বেছে শক্ত ওড়না গুলা বের করছে। হঠাৎ একটা জামায় চোখ পড়লো। সাক্বির যেদিন ছবি দেখতে চেয়েছিল সেদিন মিতু এই জামা পরা একটা ছবি দিয়েছিল ইনবক্সে। হঠাৎ করে মিতুর বাঁচতে ইচ্ছা হলো। সাক্বির এর বুকে মাথা রেখে কিছুক্ষণ কাঁদতে ইচ্ছা হলো মিতুর। ওড়না দিয়ে তৈরি দড়ি ওভাবে রেখেই রুম থেকে বেরিয়ে আসে মিতু।

বাসার সবাই ওকে সান্ত্বনা দেয়, কোনোকিছু তেই ওর মন ভালো হয় না। খুব ইচ্ছা করছে সাক্বির এর সাথে দেখা করতে। কিন্তু একা কিভাবে দেখা করবে, মনে পড়ে গেলো তার প্রিয় বান্ধবী সোহার কথা। ওর কথা মনে পড়তেই মেজাজ খারাপ হয়ে গেলো মিতুর। কেনো তার দাদা, নানা কেউ মুক্তিযোদ্ধা না এই বলে কিছুক্ষণ চেঁচামেচি করে আবার শান্ত হয়ে গেলো মিতু। তবে সোহার উপর ওর কোনো রাগ নেই। পরদিন সকালে সোহা মিষ্টি নিয়ে আসে, কিন্তু এবার কেনো জানি অন্যরকম কষ্ট অনুভব করে মিতু। ওই মিষ্টি সে মুখে দেয় না। সোহা কে ও খুলে বলে যে— সাক্বির ছাড়া এই হতাশা থেকে ওকে কেউ মুক্তি দিতে পারবে না। সোহা বান্ধবীর কষ্ট বুঝতে পেরে সহজেই রাজি হয়ে যায় মিতুকে সঙ্গ দিতে।

সাক্বির কে ফোন দেয় মিতু। দেখা করার কথা শুনে রাজি হয়ে যায় সাক্বির, তাছাড়া মিতুর এমন অবস্থায় পাশে থাকার তাগিদ অনুভব করে সাক্বির। নির্দিষ্ট টাইমে সাক্বির একটা রেস্টুরেন্ট এ চলে আসে। ১০ মিনিট লেট করে দুইটা মেয়ে আসছে সামনের দিক থেকে। একজন কে চেনা চেনা মনে হচ্ছে সাক্বিরের। কিন্তু ও মনেপ্রাণে চায় পাশের জন মিতু হোক। যেমন সুন্দর চুল, তেমন সুন্দর স্কিন, আর মায়াবী চেহারা। কিন্তু যা চাই তা পাই না… চিরায়ত নিয়ম। ছবিতে মিতুকে আরো সুন্দর দেখাচ্ছিলো, বাস্তবে অন্যরকম। কিছুটা মন খারাপ হলো সাক্বিরের কিন্তু পাশের সুন্দরীকে দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। মিতু আবিষ্কার করলো সোহা আর সাক্বিরের মাঝে দারুণ আলাপ হচ্ছে, যেনো সোহাই সাক্বিরের পরিচিত আর মিতু তার বান্ধবী।

রাতে হঠাৎ সোহার ফোন।

সোহা: কিরে তোর সাক্বির তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো। অ্যাকসেপ্ট করবো?

(মিতুর খুব কষ্ট হলো নিজেকে সামলাতে। চোখ দিয়ে পানি পড়ছিলো, তবুও স্বাভাবিক কণ্ঠে বললো)

মিতু: তোর অপরিচিত নাকি ও? অ্যাকসেপ্ট করবি না কেনো?

(কথা শেষ করে সাথে সাথে সাক্বির কে চ্যাটে নক দিলো মিতু।)

মিতু: কি ব্যাপার? দেখা করে কেমন লাগলো? কিছু বললা না যে?

সাক্বির: ভালোই লাগলো। তুমি আর তোমার বান্ধবী দুইজনই অনেক ভালো।

আর কথা বাড়ালো না মিতু। এই প্রথম জীবনে কাউকে হিংসা হলো ওর। নিজের সবচেয়ে ভালো বান্ধবী সোহাকে সবচেয়ে বড় শত্রু মনে হলো।

ওদিকে সাক্বির ও কনফিউজড। মিতু কে ভালো লাগে তবে সোহাকে দেখার পর সব উলটপালট হয়ে যাচ্ছে। একদম যেমনটা চায় সাক্বির সোহা ঠিক তেমনি মেয়ে। কিছুতেই সোহার চেহারা ভুলতে পারছে না ও। এ ব্যাপারে কথা বলার জন্য ডাক পড়লো সাক্বিরের বিশেষ পরামর্শদাতা বন্ধু আশিকের।

সাক্বির: দোস্ত, গত কয়েকদিন রাতে ঘুম হচ্ছে না। তোকে তো ফোনেই বলছি সব, এখন সমাধান দে।

আশিক: আগে কিছু প্রশ্নের উত্তর দে। তুই কি সোহাকে দেখার আগে মিতুকে ভালোবাসতি?

সাক্বির: ভালো লাগতো কিন্তু ভালোবাসা ছিলো না। তাছাড়া ওর সাথে প্রেম করলে আমার বাবা মানবে না, সবাই সুন্দর ছেলের বউ চায়। অন্যদিকে সোহা সুন্দরী প্লাস মেডিক্যালে চান্স পাইছে। বাবা হাসিমুখে মেনে নিবে।

আশিক: তো আমাকে ডাকলি কেন? তুই তো সিদ্ধান্ত নিয়েই ফেলছোস।

সেদিন রাতে প্রতিদিন এর মত নক দেয় মিতু। সাক্বির অনলাইনে কিন্তু রিপ্লাই দিচ্ছে না। কিছুক্ষণ ওয়েট করে সোহাকে নক দেয় মিতু। সোহা তখন সাক্বিরের সাথেই চ্যাট করছে, সে রিপ্লাই দিলো স্ক্রিনশট সহ, যে স্ক্রিনশট গুলার মূলকথা হচ্ছে সাক্বির সোহাকে প্রেমিকা হিসেবে চাচ্ছে। সোহা যদিও বান্ধবীর কাছে ক্লিয়ার থাকার জন্য স্ক্রিনশট পাঠালো, মিতু এত বড় ধাক্কা সইতে পারলো না। ফেসবুকে তীব্র ঘৃণা ও ক্ষোভ নিয়ে একটা স্ট্যাটাস লিখলো, পোস্ট দিলো, কিন্তু কি মনে করে প্রাইভেসি অনলি মি করে দিলো। মিতুর ইচ্ছা করছিলো চিৎকার করে কাঁদতে। নিজেকে খুব অসহায় মনে হলো, এই পৃথিবীতে নিজেকে অবাঞ্ছিত বোধ করার মত বাজে অনুভূতি আর হয় না। বেঁচে থাকা অর্থহীন মনে হলো মিতুর কাছে। ওয়ার্ড্রব থেকে পুরানো সেই দড়ি বের করে ঝোঁকের বশে ফ্যানের সাথে ঝুলে পড়লো মিতু। মাত্র দুইতিন মিনিটে ১৮ বছর ধরে তিলে তিলে গড়ে উঠা দেহের নাম পরিবর্তিত হয়ে ‘মৃতদেহ’ হয়ে গেলো।

কেউ বুঝে উঠতে পারলো না আত্মহত্যার কারণ কি। পরিবারের সবাই ভাবলো মেডিক্যালে চান্স না পাওয়াতে আত্মহত্যা করে মিতু, শুধুমাত্র সোহা জানে প্রকৃত কারণ। গতরাতে সোহার শেষ কয়টা মেসেজের রিপ্লাই দেয় নি মিতু, এর কিছুক্ষণ পরেই নিজের বেস্ট ফ্রেন্ড এর মৃত্যুর খবর শুনতে পায় সে। সোহা জানে সাক্বিরের কারণেই আত্মহত্যা করে মিতু।

মিতুর মৃত্যুতে কিছুদিন সবখানে থমথমে অবস্থা বিরাজ করে। সবকিছু স্বাভাবিক হবার পর সোহাকে আবার নিজের ফীলিংস এর কথা জানালো সাক্বির। রাগ এবং ক্রোধে সোহার ইচ্ছা হলো সাক্বির কে খুন করতে, ইচ্ছা করছিলো প্রতিশোধ নিতে। সাক্বির কে শিক্ষা দেওয়ার জন্য ও স্বাভাবিক থাকার ভান করে গেলো, নিয়মিত চ্যাট ও কথা হতো তাদের। দুইজনই প্রেমিক-প্রেমিকার মত আচরণ করতো, যদিও সোহার টা ছিলো অভিনয়। তারপর একদিন ফর্মালি প্রেপোজ করতে চায় সাক্বির। ফার্স্ট যে রেস্টুরেন্টে দেখা হয় ওদের সেখানেই যথাসময়ে হাজির হয় সাক্বির, কিছুক্ষণ পর সোহা ও আসে। প্রেপোজ করার আগপর্যন্ত সে স্বাভাবিক থাকার অভিনয় করে কিন্তু সাক্বির প্রেপোজ করার সাথে সাথে আসল রূপ দেখায় সোহা। সাক্বির কে ভালো করে বুঝিয়ে দেয় পুরোটা ছিলো অভিনয় আর তার বান্ধবীর মৃত্যুর জন্য দায়ী সাক্বিরই। পাহাড়সম কষ্ট বুকে নিয়ে সাক্বির নিশ্চুপ দাঁড়িয়ে ছিলো সেদিন। যে তাকে ভালোবাসতো সে আজ পৃথিবীতে নেই, যাকে ও ভালোবাসে সে আজ এইভাবে অপমান করলো।

হঠাৎ একদিন মিতুদের বাসায় যায় সোহা। বান্ধবীর রুমে গিয়ে তার পুরানো জিনিস ঘাঁটাঘাঁটি করে দেখে, প্রতিটি জিনিসে মিতুকে অনুভব করে সোহা। মিতুর একটা পুরানো ডায়েরী পায় সে, যেখানে ওর ইমেইল ও ফেসবুক পাসওয়ার্ড ও লেখা ছিলো। কি মনে করে যেন মিতুর আইডিতে ঢুকে সে, টাইমলাইনে গিয়ে মিতুর শেষ পোস্ট দেখতে পায় সোহা, যে পোস্টে ‘অনলি মি’ প্রাইভেসি দেওয়া ছিলো। পোস্ট পড়তে লাগলো সোহা—

জানিনা কাকে দোষ দিবো? আমার ভাগ্যের, আমাদের বন্ধুত্বের, নাকি তোর? আজ তোর উপর আমার খুব খুব রাগ হচ্ছে, হয়তো হিংসা এটা। জানিনা আমি, তবে মনে হচ্ছে আমার জীবনে তুই না থাকলেই ভালো হতো। আমার বেস্ট ফ্রেন্ডকে এখন আমার ওয়ার্স্ট এনিমি মনে হচ্ছে। জানিস? এই অনুভূতি খুব কষ্টের, আমার সহ্য হচ্ছে না। বারবার তোর কাছে হেরে যাচ্ছি কেনো আমি? কি দোষ আমার? আমার আজন্ম লালিত স্বপ্ন মেডিক্যাল তোর হলো, আর স্বপ্নপুরুষ টাও তোর হবে? আর পারছি না আমি সোহা, তোকে শত্রু ভেবে বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়া ভালো। সুখে থাক তুই, আমার বেঁচে থাকার কোনো কারণ আর অবশিষ্ট নেই, আমার মৃত্যুর জন্য দায়ী আমার ভাগ্য।

স্ট্যাটাস দেখে সোহা প্রায় অপ্রকৃতস্থ হয়ে যাওয়ার উপক্রম। মিতু ওর সাথে অভিমান করে মারা গেছে এটা সোহা মেনে নিতে পারছে না। নিজের সবচেয়ে কাছের মানুষের মৃত্যুর কারণ ও নিজেই। এদিকে আবার সাক্বির কেও কষ্ট দিলো, সব মিলিয়ে দিশেহারা সোহা। ও ঠিক করে সাক্বির কে গিয়ে স্যরি বলবে। দেখা হবার পর সাক্বির কে সব খুলে বলে সোহা, কান্নায় ভেঙ্গে পড়া সোহাকে সান্ত্বনা দেয় সাক্বির।

সাক্বির, সোহা, দুইজন এর জীবনের একটা কমন অ্যান্ড ইম্পরট্যান্ট পার্ট হচ্ছে মিতু। কোনো না কোনো জায়গায় তারা দুজনই একই দুঃখের ভাগিদার, এই দুঃখই তাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। মিতুর স্মৃতি বুকে নিয়েই তাদের নতুন পথচলা শুরু হয়। শহরের ভেতরে থাকলে প্রতি শুক্রবার মিতুর কবর জিয়ারত করা নতুন দম্পতির অলিখিত রুটিনবাঁধা কাজ।

(৫-৬ বছর পর)

সোহা: এই মিতু, এখনো ঘুমাচ্ছো কেন? তাড়াতাড়ি উঠা না। স্কুলে যেতে হবে তো। তোমার আব্বুর অফিসে লেট হচ্ছে, মাকেও তো হাসপাতালে যেতে হবে।