গল্পঃ পতিত আলয়

Play

কেউ মেয়ের বাপ হইতে পারে না। আর কেউ নিজের মেয়ের দেখাশোনা করতে পারে না, তাদের বেশ্যাবৃত্তি করতে হয়। অথবা যে হতে পারতো কারো আদরের দুলালী, ভাগ্যের নির্মম পরিহাসে আজ পতিতা।

(ফোকাসে একটা ঠিকানা লিখা কাগজ — ৬৯ গণিকালয় আবাসিক হোটেল, নেতার গলি, স্টেশন রোড।)

সিন-১ (বাসে একটা ৩০ বছর বয়সী যুবক আর বাসের হেল্পার)

হেল্পার: দেখি ভাই ভাড়াটা দেন। কই যাবেন?

যুবক: আঁই ইশটেশন রোড যাইয়ুম। ভাড়া কত?

হে: উঠছেন কই থেকে?

যু: ঐ বড় টিভি এক্কান আছে যে? লগে দি গ্লাস লাগাইন্না মার্কেট এক্কান ও আছে। হিয়ান তাই উঠছি।

হে: আগ্রাবাদ বাদামতলী?

যু: নাম তো জানিনা বাই।

হে: ধুরো মিয়াঁ! আইচ্ছা ৬ টাকা দেন।

যু: এত বড্ডা গাঁড়ির ভাড়া এত কম কিল্লাই?

সিন-২ (ঠিকানা হাতে স্টেশন রোডে যুবক। একটা লোকের সাথে কথা হচ্ছে)

যুবক: বাই আঁরে এক্কানা এই জাগা কান চিনাই দেন।

লোক: আর মানুষ পাইলেন না জিজ্ঞাস করতে, আমারে দেখতে কি খোর মনে হয়? এই জায়গায় নতুন নাকি?

যু: বাই রাগ করেন কিল্লাই? এক্কানা দেখাই দেন না। আঁই এই হইলা বার আইছি।

লো: (জায়গার ডিরেকশন দিচ্ছে ইশারায়)

সিন-৩ (ঠিকানা বরাবর গিয়ে দরজায় নক, একটা মহিলা খুলেছে)

মহিলা: কি চান? এত জোরে নক করতেছেন ক্যান?

যুবক: আসসালামালাইকুম আফা। আন্নেগো কাছে বেলে কিচ কিচ বাচ্চা বাচ্চা মাইয়া আছে?

ম: ভেতরের আসেন। (ভেতরে ঢুকতে ঢুকতে) হ্যাঁ আছে। যত কমবয়সী নিবেন তত দাম বেশি। কিন্তু আপনারে দেখতে তো ম্যারিড লাগতেছে, বউ থাকতে এইখানে ক্যান আসা লাগতেছে?

যু: কি আর কইতাম দুক্ষের কথা আফা। বউ গা খুব বালা, তাও গরে শান্তি নাই। আইচ্ছা আন্নেগো ইয়ানের বেড্ডুন কি বালা গরের মাইয়া নি?

ম: ওহ আচ্ছা এই কাহিনী! সবরকম আছে। কিরকম লাগবে? একঘণ্টা, একদিন নাকি আরো বেশি?

যু: একদিন দি কি কইরতাম? আজীবন এর লাই দেন না?

ম: মানে? কই নিবেন?

যু: কেয়া? আঁর বাড়িত, নোয়াখালী লই যাইয়ুম।

ম: আমরা তো বিয়া দি না। ঘটকের কাছে যান।

যু: কি কন এগিনতা? নিজের মাইয়ারে বিয়া কইরতাম কিল্লাই?

ম: শালা তোর মাথায় কি ডিস্টার্ব আছে? আবোলতাবোল বকতেছোস ক্যান?

যু: আফা পিলিজ ওকগা মাইয়া দেন। আল্লার দোহাই আফা। টাকা লাগলে জমি বেঁচি দিয়ুম আফা।

(মহিলাটা আর কেয়েকটা ছেলে মিলে ধস্তাধস্তি করে ওকে বের করে দিচ্ছে)

সিন-৪ (মন খারাপ করে ফিরে যাচ্ছে পথে ঠিকানা বলে দেওয়া লোকটার সাথে দেখা)

লোক: কি ভাই এত তাড়াতাড়ি কাম শেষ? হা হা হা। এত কষ্ট করে কেন যে আসলেন? কি হইছে কাঁদতেছেন নাকি? এই ফার্স্ট দেখতেছি কেউ কাঁদতে কাঁদতে ব্যাক করতেছে। কাহিনী খুইলা কন তো ভাই।

যুবক: (চোখে পানি, কণ্ঠ ভারী) বাই আর চাচতো বাই আলমগির আঁর মোবাইল দি নেট না কি জানি চালায়। হেদিন হেতে মোবাইল থুই যানের হর দেই নেটের ভিতরে এই ঠিকানা লেখা। আর উপরে লেখা আছে— “কিচ কিচ বাচ্চা মেয়ে আছে। সবাই ভালো ঘরের মেয়ে। অনেকের মধ্য থেকে পছন্দ করার সুব্যবস্থা আছে।” ও আইচ্ছা এক্কান ফোন নাম্বার ও দেওয়া আছিলো।

লো: ঠিকই তো আছে সব। আসার আগে ফোন করে আসেন নাই?

যু: নোয়াখালী থাকতে ফোন কইচ্ছি। এক ব্যাডা ফোন ধরি গালাগালি করি রাখি দিছে।

লো: কি বলছিলেন ওরে?

যু: কইছি আরি বাই আঁই বিয়া কইরছি ৩ বছর, কোন বাইচ্চা কাইচ্চা নাই। ওকগা মাইয়ার মুখো বাপ ডাক হুনার খুব শখ। হুইনছি আন্নেগো কাছে বেলে বাইচ্চা মেয়ে আছে!

এ কথা হুনি হেতে আঁর মা মাসি ধরি গালাগালি কইচ্ছে।

লো: আপনি এইজন্য চিটাগাং আসছেন?!

যু: হ বাই। ভাবছি এবার মাইয়া চাই যাইয়ুম, হেরের বার বউের লই আই বাড়িত লই যাইয়ুম। বউ অনতালি কিছু জানেন না, কইছি এক কামে লক্ষীপুর আইছি।